আবনা ডেস্ক: মিয়ানমারে গত চারদিন ধরে চলা পানি উৎসবে ২৮৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ১ হাজার ৭৩ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পানি উৎসব চলাকালে মারামারি, গোষ্ঠীগত হামলা, দলবদ্ধ লড়াই, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরিসহ দুই শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে। এসব অপরাধ ঘটনার সময় ওই বিপুল প্রাণহানির ঘটেছে। এর মধ্যে চেইন প্রদেশে পানিখেলাকে কেন্দ্র করে এক পরিবারের তিন নারীকে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে।
এদিকে পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় মোট ১ হাজার ২০০ মামলা হয়েছে। গত বছরও এই উৎসব চলাকালে মোট ২৭২ জনের প্রাণহানি ও এক হাজার ৮৬ জন আহত হয়। চলতি বছর নিহতদের মধ্যে রাজধানী নাইপিতোতে ১০ জন, ইয়াংগুনে ৪৪ জন, মান্দালেতে ৩৬ জন, সাঙ্গাইং অঞ্চলে ২৬ জন, তানিনথারি অঞ্চলে ১১ জন, বাগো অঞ্চলে ৩৭ জন, মাগওয়ে অঞ্চলে ১১ জন, মন স্টেটে ২০ জন, রাখাইনে ১৭ জন, শান স্টেটে ২৯ জন ও আইয়াওদি অঞ্চলে ২৮ জনের মৃত্যু হয়।
থিংগিয়ান পানি উৎসব মায়ানমারের প্রাচীন ঐতিহ্য। এই উৎসবে অপরের গায়ে পানি ছুড়ে মারে। এটি মূলত তাদের বর্ষবরণ উৎসব। বার্মিজ ক্যালেন্ডার অনুযায়ী, এই উৎসব এপ্রিলের মাঝামাঝি কোনো একটি তারিখে হয়ে থাকে। চার থেকে পাঁচ দিনব্যাপী পালিত হয় পানি উৎসব। প্রতি বছরই এই উৎসবকে কেন্দ্র করে চলে নানা ধরনের তাণ্ডব।
২০ এপ্রিল ২০১৭ - ০৩:০৮
News ID: 824904
মিয়ানমারে গত চারদিন ধরে চলা পানি উৎসবে ২৮৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ১ হাজার ৭৩ জন আহত হয়েছে।